পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু সোমবার

প্রকাশিত March 1, 2026
পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু সোমবার

সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি (গৌরপূর্ণিমা) ও শ্রীশ্রী জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব আগামীকাল সোমবার (২ মার্চ) শুরু হচ্ছে।
এই মহোৎসব সিলেট মহানগরীর পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় (ব্লক-বি, ৫৭ পল্লবী আবাসিক এলাকা) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ (পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন (পরিবেশনায় বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া বিনোদ বিহারী দাস বাবুল)।
৩ মার্চ ব্রাহ্মমুহূর্ত থেকে ষোলপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়ে ৪ মার্চ বুধবার পর্যন্ত চলবে এবং প্রতিদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন ও দুপুর ২টায় গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কলঙ্কমোচন লীলা (পরিবেশনায় গিরিরাজ দাস জুয়েল, কিশোরী সম্প্রদায়, সিলেট), দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহোৎসবে গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি, শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি