সাজেল আহমেদ, কার্ডিফ, ইউকে : বাংলাদেশে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল একটি দাতব্য সংস্থা, যা বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। গত ১০ বছরে সেবা দিয়েছে প্রায় তিন লাখ রোগীকে। ভবিষ্যতে সিলেট বিভাগের ৪ জেলায় এর শাখা খোলার পরিকল্পনা রয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি ব্রিটেনের কার্ডিফে এই হাসপাতালের জন্যে আয়োজিত ফান্ড রাইজিং গালা ডিনারপার্টিতে এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
কার্ডিফ বাংলাদেশ সেন্টারে কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও কমিউনিটি সংগঠক আলী আকবর জেপির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শাহাব উদ্দিন, মাকেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী, ফান্ড রেইজিং ডিরেক্টর আজিজুর রহমান ও ইউকে কো অর্ডিনেটর আজাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার সালেহ আহমেদ, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যবসায়ী শাহজাহান, শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা, আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া ও ওলিউর রহমান আলোসহ কার্ডিফ, নিউপোট, সোয়ানসী ও বৃস্টল থেকে আগত কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে কার্ডিফ জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফাউন্ডার্স চেয়ারম্যান শামসুদ্দিন খানসহ রোগীদের সুস্থতা কামনা এবং সমগ্র মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, গালা ডিনারপার্টিতে উপস্থিত সবাই টেবিল বুকিংয়ের মাধ্যমে অনুদান প্রদান করেন এবং ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দেন।