সাময়িক সাহায্য বা ত্রাণ দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব নয় : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত January 28, 2026
সাময়িক সাহায্য বা ত্রাণ দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব নয় : আরিফুল হক চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দারিদ্র দূরীকরণে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। সাময়িক সাহায্য বা ত্রাণ দিয়ে দরিদ্রতা বিমোচন করা সম্ভব নয়। স্বাবলম্বী পরিবার- সমাজ গড়তে হলে প্রতিটি ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি আরো বলেছেন, যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু চাকরি বা বিদেশ যাওয়ায় জন্যে ছুটোছুটি না করে নিজেদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। একজন উদ্যোক্তা হলে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
বুধবার (২৮ জানুয়ারি/১৪ মাঘ) কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই বিপুল সংখ্যক যুবককে অলস বসিয়ে রেখে পরিবার, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। বেকারত্বের কারণে যুবসমাজ মাদকের মতো ধ্বংসাত্মক পথে পা বাড়াচ্ছে। কর্মসংস্থান শুধু অর্থনৈতিক সচ্ছলতাই আনে না, সমাজে অপরাধ প্রবণতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
তিনি নির্বাচিত হলে তরুণ-যুবকদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোক্তা বৃদ্ধিতে সহযোগিতা করবেন বলে জানান।
তার সাথে ছিলেন, বিএনপির সিলেট মহানগর সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্মআহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূঁইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহসভাপতি সওকত আলী বাবুল, সহসভাপতি মো নজীর আহমদ, আব্দুর রকীব, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নূরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আতাউর রহমান প্রমুখ।
এর পূর্বে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় মিলিত হন। সংবাদ বিজ্ঞপ্তি