নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জে সুমি দাশ হত্যা মামলার প্রধান আসামি স্বামী কিশাল শেখর দাসকে গ্রেফতার করেছে।
কিশাল শেখর দাসের র্যাব-৯ জানায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের সুমি দাশের সাথে সুনামগঞ্জের দিরাই উপজেলার টাইলা গ্রামের কিশাল শেখর দাসের বিয়ে হয় পারিবারিকভাবে; কিন্তু বিয়ের পর হতে স্বামী ও শ্বশুর-শাশুড়ি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নববধূকে প্রতিনিয়ত মারধর করতো। এতে অতীষ্ঠ হয়ে প্রায় দুই মাস পূর্বে সুমি দাশ বাপের বাড়ি চলে যায়। তবে প্রায় ১৫ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি গিয়ে তাকে নিয়ে আসেন।
কিশাল শেখর দাসের পরিবার সুনামগঞ্জ শহরের ধোপাখালী এলাকায় ভাড়া বাসায় থাকে। সেখান থেকে গত ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে কিশাল শেখর দাসের মা মোবোইল ফোনে সুমি দাসের মাকে জানান, তার মেয়ে মারা গেছে এবং মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে আছে।
এ ঘটনায় সুমি দাশের মা বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি কিশাল শেখর দাসকে (২৪), গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।