নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, এক দল লুটপাট, খুন, গুম আর জুলুম-নিপীড়ন করে শেষ পর্যন্ত জনরোষে পড়ে দেশ ছেড়ে পালিয়েছে। আরেক দল নিজেদেরকেই শেষ করে দিচ্ছে নিজেরা। এসব কর্মকাণ্ডের জন্যে বাংলাদেশের জনগণ তাদেরকে নির্বাচনে লালকার্ড দেখিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর/২১ অগ্রহায়ণ) বিকেলে সিলেট মহানগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে জাসায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা শফিকুর রহমান বলেন, একটি দল সংস্কারে রাজি নয়, জুলাই সনদে রাজি নয়, গণভোটেও প্রথমে রাজি ছিলনা। তারা নির্বাচনের জন্যে উতলা হয়ে উঠেছিল; কিন্তু এখন তাদের মধ্যে কারো কারো মুখে ভিন্ন সুর শোনা যাচ্ছে।
তিনি আরো বলেছেন, কেউ যদি আগামী নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করে তাহলে এ দেশের জনগণ তাদের ষড়যন্ত্র ভণ্ডুল করে দিবে।
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মো রেজাউল করীম, খেলাফত মজলিসের আমীর শায়খ মাওলানা মামনুল হক, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাদের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ প্রফেসর মাওলানা মুহাম্মদ ইউনুছ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মজিদ আতাহারি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল হক চাঁন ও জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মো রেজাউল করীম বলেন, যারা যত শয়তানি পরিকল্পনা করবে তারা ততই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক বলেন, বাংলাদেশ বিরোধী বিদেশী আধিপত্যবাদী শক্তি আবার নতুন আরেক শক্তির ঘাড়ে সওয়ার হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে সমবেত হন।