হবিগঞ্জে মিশুক চালককে মারধরের প্রতিবাদে ৭ গ্রামবাসীর সভা

প্রকাশিত November 13, 2025
হবিগঞ্জে মিশুক চালককে মারধরের প্রতিবাদে ৭ গ্রামবাসীর সভা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরতলির আলম বাজারে মো রইব আলী নামে এক মিশুক চালককে মারধর করার প্রতিবাদে ৭ গ্রামবাসী সভা করেছেন। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর বাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নিশ্চিন্তপুর গ্রামবাসী ছাড়াও পার্শ্ববর্তী মাহতাবপুর, কাবিলপুর, কুশিয়ারতলা, নোয়াবাদ, নখলারআব্দা ও কাকুরাকান্দি গ্রামের লোকজন অংশ গ্রহণ করে।
প্রতিবাদ সভায় এলাকার বিশিষ্ট মুরব্বি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে ও মো রফিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সরদার, আব্দুন নূর সরদার, কাছম আলী সরদার, জবেদ আলী সরদার, আব্দুল হামিদ সরদার, আব্দুল আলী সরদার, ফুল মিয়া সরদার, হারুন সরদার, বারিক সরদার, মন্নর আলী সরদার, মো আব্দুল্লাহ, কবির মিয়া সরদার, আব্দুল কাদির সরদার প্রমুখ।
বক্তারা বলেন, আলম বাজার স্ট্যান্ড থেকে মিশুক গাড়িসহ নানারকম যানবাহন দিয়ে এলাকার লোকজন যাতায়ত করে থাকেন। অনেকে মিশুক, টমটম ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন; কিন্তু নেয়াপাথারিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে শামছু মিয়াসহ কিছু লোকের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। শামছু মিয়া ও তার অনুসারীরা স্ট্যান্ডেও আধিপত্য বিস্তার করে রেখেছে। তারা মনগড়াভাবে স্ট্যান্ডে অতিরিক্ত অর্থ আদায়, অশুভ আচরণ ও চালকদের মারধর করে থাকে। গত ১০ নভেম্বর মিশুক চালক রইব আলীকে বেধড়ক মারপিট করে আহত করে।
তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের কাছে দাবি জানান।
তারা হুশিয়ারি দেন, অন্যথায় এলাকায় বড় ধরনের কোন বিশৃঙ্খলা দেখা দিলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।