টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফল করতে সিলেটে উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) স্বাস্থ্য ভবনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা মো আনিসুর রহমান। সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা মো নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় পরিচালক বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের মাধ্যমে পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল গোষ্ঠীর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, টিকাদানের স্থায়ী কেন্দ্র ছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে।
টিকাদান ক্যাম্পেইন সফল করতে তিনি যথাসময়ে রেজিস্ট্রেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় টাইফয়েড টিকাদান বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডা স্বপ্নীল সৌরভ রায়।
তিনি টাইফয়েড জ্বরের কারণ, লক্ষণ ও প্রতিকারসহ বিস্তারিত তথ্য তুলে ধরে টাইফয়েড টিকাদানের রেজিস্ট্রেশন ও টিকাদান সম্পর্কিত অন্যান্য বিষয় উপস্থাপন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রাইমারি হেলথ কেয়ার) আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, উপপরিচালক (হাসপাতাল) সৈয়দ আবু আহমেদ শাফি, উপপরিচালক (ইপিআই) মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ ও সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম।
উল্লেখ্য, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আওতায় সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে প্রায় ৩০ লাখ ও সিলেট জেলায় ১০ লাখ ১৬ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১২ অক্টোবর থেকে স্থায়ী কেন্দ্রসমূহে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হবে।–পিআইডি সিলেট