শাল্লা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলেছেন, বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে কোনো গ্ৰুপিং নয়-সবাইকে এক হয়ে এবার দিরাই শাল্লায় ‘ধানের শীষ’কে বিজয়ী করতে হবে।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারে শুক্রবার (২২ আগস্ট /৭ ভাদ্র) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলেন, নানা দিক থেকে পিছিয়ে পড়া দিরাই-শাল্লার উন্নয়নের লক্ষ্যে ‘ধানের শীষ’কে বিজয়ী করে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী ও শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই।
আটঁগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সিলেট কোর্টের এপিপি মির্জা ইসলাম, দিরাই পৌরসভার সাবেক কমিশনার মোজাহিদ মিয়া, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান, যুবদল নেতা রউফ মিয়া ও সাবেক ছাত্রনেতা এইচ এম এরশাদ ।