পাথর লুটে জামায়াতের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই : ফখরুল

প্রকাশিত August 21, 2025
পাথর লুটে জামায়াতের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ভোলাগঞ্জের সাদাপাথর লুটের সাথে জামায়াতে ইসলামীর কোনো নেতা-কর্মীতো দূরে থাক-সমর্থকেরও সম্পৃক্ততা নেই।
বৃহস্পতিবার (২১ আগস্ট/৬ ভাদ্র) দুপুরে সিলেটে সংবাদ সম্মেলনে দলের মহানগর আমীর ফখরুল ইসলাম এ দাবি করেছেন।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাথর লুটের ঘটনার সাথে জামায়াতে ইসলামীর নেতাদের নাম জড়ানো হয়েছে।
সম্প্রতি দুদকের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তালিকায় তিনিসহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীনের নাম উল্লেখ করাকে একেবারেই কাল্পনিক বলেও ফখরুল ইসলাম দাবি করেন।
তিনি বলেন, তবে বৈধভাবে পাথর কোয়ারি খোলার দাবিতে সিলেটের পরিবহন মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের একটি কর্মসূচিতে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী নেতারাও বক্তব্য রেখেছিলেন। এই বক্তব্য নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ব্যাপারে দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। তারা লুটপাটকারীদের কঠোর শাস্তিরও দাবি জানান।
এর আগে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে; কিন্তু তাতে জামায়াতের ইসলামীর কোনো নেতা বা কর্মীর নাম সেইসব প্রতিবেদন পাওয়া যায়নি।
তিনি দুদকের প্রতিবেদনটিকে ফরমায়েশি প্রতিবেদন বলে আখ্যায়িত করেন। প্রকৃত লুটেরাদের আড়াল করারও ষড়যন্ত্র বলে মন্তব্য করেন।
ফখরুল ইসলাম বলেন, দুদক যদি তাদের কোনো প্রতিবেদনে জামায়াতে ইসলামী নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই তা প্রমাণ করতে হবে। অন্যতায় জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামায়াতে ইসলামী বিন্দুমাত্র ছাড় দিবেনা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।