ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ জানার তাগিদ দিলেন ফয়সল চৌধুরী

প্রকাশিত August 21, 2025
ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রুপ জানার তাগিদ দিলেন ফয়সল চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, প্রতিটি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা ও তা জেনে রাখা খুব জরুরি। কারণ, এতে প্রয়োজনে তাকে রক্ত সরবরাহ সহজ হয়।
তিনি আরও বলেছেন, মানুষ যেকোনো সময় দুর্ঘটনায় পড়তে পারে। এ ক্ষেত্রে অনেক সময় রক্তের প্রয়োজন হয়। গ্রুপ জানা থাকলে রক্ত দিয়ে জীবন বাঁচানো সহজ হয়।
ফয়সল চৌধুরী স্কুল-কলেজের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে রাখার গুরুত্ব বুঝাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি ঢাকার মাইলস্টোন ট্র্যাজিডির সময় রক্তের গ্রুপ জানা না থাকায় অনেক শিক্ষার্থীকে রক্ত দিতে দেরি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট/৬ ভাদ্র) সকালে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরাই গত বছরের ৫ আগস্ট রাজপথে আন্দোলন-সংগ্রাম ও জীবন উৎসর্গ করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিল। তখন আহতদের চিকিৎসার ক্ষেত্রে ব্লাড গ্রুপ জানা না থাকায় চিকিৎসক-শিক্ষার্থী উভয়কেই নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল।
গোলাপগঞ্জের বন্ধন ক্লাব-ব্লাড ডোনার শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হাই। উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ সভাপতি কফিল উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধন ক্লাব-ব্লাড ডোনার সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম।–সংবাদ বিজ্ঞপ্তি