সিলেটে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জয়ন্তী উদযাপন

প্রকাশিত August 20, 2025
সিলেটে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জয়ন্তী উদযাপন

বাংলা নাটকের বরপুত্র খ্যাত নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটার, এম এ জি ওসমানী অঞ্চলের সার্বিক সহযোগিতায় গ্রাম থিয়েটার সংগঠন মৃত্তিকায় মহাকাল প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় মহানগরীর হাওয়াপাড়ায় মৃত্তিকায় মহাকাল কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চল সিলেটের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভানের সভাপতিত্বে ও মৃত্তিকায় মহাকাল সমন্বয়ক (অনুষ্ঠান) রাজকুমার দে জয়রাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের অন্যতম নির্বাহী সমন্বয়ক বীথি সাইমুম ও জ্যেষ্ঠ সদস্য নারী উদ্যোক্তা সীমা রাণী বিশ্বাস। নাট্যাচার্যের লেখা নাটকের অংশবিশেষ পাঠ করেন সদস্য অনন্যা বিশ্বাস রিমু ও শোভা রাণী দাস। কবিতা আবৃত্তি করেন সদস্য সৈয়দা নিঘাত নওশাবা ইথীকা ও তাসফিয়া আকতার মাইশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলিম আল দীন বাংলা নাটককে প্রচলিত ধারা থেকে বের করে এনে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণে নবরূপে ও ভিন্নমাত্রায় প্রাণবন্ত করেছিলেন। তার অভিসন্দর্ভ ‘মধ্যযুগের বাঙলানাট্য’ পাঠ করলে নাটক সম্বন্ধে চিরাচরিত নিয়ম ভেঙে যায়। তিনিই রবীন্দ্র পরবর্তী বাংলা নাটকের সেরা নাট্যকার।
অনুষ্ঠানের শুরুতে গ্রাম থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পমাল্য অর্পন করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি