সেটেলমেন্ট প্রেস ঢাকায় স্থানান্তরের পায়তারার প্রতিবাদে মানববন্ধন কাল

প্রকাশিত August 19, 2025
সেটেলমেন্ট প্রেস ঢাকায় স্থানান্তরের পায়তারার প্রতিবাদে মানববন্ধন কাল

‎বিশেষ প্রতিবেদক : সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস (মিনি) ঢাকায় স্থানান্তরের পায়তারার প্রতিবাদে আগামীকাল বুধবার (২০ আগস্ট) মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
‎২০১২ সালে সিলেটে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে এই প্রেসটি সিলেট জোনাল অফিসে স্থাপন করা হয়। এর পর থেকেই সেটি সিলেট বিভাগের ৪ জেলার ভূমি মালিকদের জন্য দ্রুত খতিয়ান ছাপার কাজ করছে। ফলে প্রবাসীরাও দ্রুত সেবা পাচ্ছিলেন। জরিপ কাজও দ্রুত সমাপ্তির পথে রয়েছে।
তাই এ প্রেসটি সিলেট থেকে ঢাকায় স্থানান্তর হলে ভূমি মালিকদের ভোগান্তি বহুগুণে বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
‎সিলেট সদর উপজেলার গুরুত্বপূর্ণ কিছু মৌজা যেমন সিলেট মিউনিসিপ্যালিটি মৌজা, যেখানে হযরত শাহজালালের (র) মাজার শরীফ ও সরকারি গুরুত্বপূর্ণ অফিস আদালত অবস্থিত, সেগুলোর খতিয়ান ছাপার কাজ এখনো বাকি। এছাড়া একটি রিট মামলার কারণে প্রায় ১৫ হাজার ভূমি মালিকের সম্পত্তি আটকে আছে। এমন পরিস্থিতিতে প্রেসটি স্থানান্তরিত হলে এই কাজগুলো আরও বিলম্বিত হবে।
‎‎এ অবস্থায় ‎প্রেস ঢাকায় স্থানান্তরে সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল ১০টায় সিলেটবাসীর ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।