নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ভবন নির্মাণের পাওনা ১৫ লাখ ৫৪ হাজার টাকা না দিয়ে উল্টো পাওনাদার ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট/৪ ভাদ্র) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নয়াবাজার এলাকার বাসিন্দা ঠিকাদার রাসেল আহমদ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার বসন্তপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল বাসার সিলেট মহানগরীর শামীমাবাদের ৫ নম্বর গলির ২২২ নম্বর বাসার পাশে নির্মাণাধীন ৫ তলা ভবনের মালিক। এই ভবন নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত আবুল বাসারের শ্যালক সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলসের জগতপুর গ্রামের মো মোজাম্মেল ওরফে তোতা মিয়ার ছেলে ইউরাজ মিয়ার সাথে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তিনি চুক্তি করেছিলেন। এই চুক্তি অনুযায়ী নির্মাণকাজ ও লেনদেন চলছিল; কিন্তু গত বছরের শেষের দিকে আবুল বাসার টাকা পয়সা দিচ্ছেন না জানিয়ে ইউরাজ মিয়া নির্মাণ কাজে গতি কমিয়ে আনেন। এর এক পর্যায়ে প্রবাসী আবুল বাসার দেশে এসে ঠিকাদারের পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তিনি চুপিসারে দেশে এসে আবার ফিরে যান।
রাসেল আহমদ আরও জানান, পরবর্তী সময়ে ফোনে যোগাযোগ সূত্রে আবুল বাসার ৩ কোটি ২৪ লাখ টাকা ইউরাজ মিয়ার কাছে দেওয়া হয়েছে জানিয়ে কাজ চালিয়ে যেতে তাকে অনুরোধ জানান। একই সঙ্গে রোজার পরে দেশে ফিরে টাকা পরিশোধেরও আশ্বাস দেন; কিন্তু এবারও চুপিসারে দেশে এসে ফিরে যান।
এ অবস্থায় প্রবাসী আবুল বাসারের আরেক আত্মীয় সিলেট মহানগরীর ধোপাদিঘির পাড়ের আল-ইহসান ট্রাভেলসের কর্মকর্তা সোহেল মিয়া নিজেকে নির্মাণাধীন ভবনের অন্যতম মালিক দাবি করে কাজ চালিয়ে যেতে বলেন।
রাসেল আহমদ জানান, এ সময় তিনি তার পাওনা বাবদ মোট ১৫ লাখ ৫৪ হাজার টাকা দেওয়ার অনুরোধ জানালে সোহেল মিয়া তাতে কর্ণপাত না করে ইউরাজ মিয়ার সঙ্গে মিলে তাকে বড় ধরনের ক্ষতির হুমকি দেন। তিনি তখন শামীমাবাদ এলাকার মুরব্বিদের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করেন; কিন্তু সোহেল মিয়া ও ইউরাজ মিয়ার অসহযোগিতায় তাতে কোনো ফল মেলেনি।
এ ব্যাপারে রাসেল আহমদ সিলেট কোতোয়ালি থানায় গত ৭ জুলাই একটি অভিযোগ দিলেও কাঙ্খিত কোনো ফল পাননি। অথচ নির্মাণকাজে শ্রমিকদের পারিশ্রমিক পরিশোধ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে তিনি নিঃস্ব হয়ে গেছেন
এ অবস্থায় তিনি তার জীবনের নিরাপত্তার জন্য সিলেটের পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সেইসাথে ইউরাজ মিয়া, সোহেল মিয়া ও আবুল বাসারের প্রতি অবিলম্বে তার পাওনা পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, না হলে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউরাজ মিয়া ও সোহেল মিয়া তাদের বিরুদ্ধে রাসেল আহমদের সব অভিযোগ অস্বীকার করেন।