নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে এক বছরের মাথায় ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করে বদলি করা হয়েছে। একই সঙ্গে বদলি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে। সাম্প্রতিক পাথরকাণ্ডে জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ দুই কর্মকর্তাকে বদলি করা হলো বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসককে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ক ই আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক আদেশে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে ফেঞ্চুগঞ্জে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে বদলি করা হয়েছে।