বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্টকারী শিক্ষক আতাউর রহমান বিপ্লব ও তার সহযোগীদের শাস্তিসহ ৭ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে, যা উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব তার ব্যক্তিগত আক্রোশের কারণে বেশ কিছু দুষ্কৃতকারীকে নিয়ে মব তৈরি করে শিক্ষকদের নামে নানারকম মিথ্যা অভিযোগ এনে তাদের অপমান ও অপদস্ত করেছেন। এ কারণে নিরাপত্তার অভাবে তিন জন শিক্ষক ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে কর্মস্থলে আসতে পারেননি। ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সহ আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। এসএসসি পরীক্ষার ফলাফলেও ব্যাপক বিপর্যয় ঘটে।
শিক্ষার্থীরা জানায়, গত একমাস যাবত প্রধান শিক্ষকসহ সেই তিন শিক্ষক বিদ্যালয়ে ফিরে আসায় শিক্ষার পরিবেশ ফিরে এসেছে; কিন্তু মব সৃষ্টিকারী আতাউর রহমান বিপ্লব ও তার সঙ্গীরা আবারো শিক্ষার পরিবেশ বিনষ্টে মব সৃষ্টি করে যাচ্ছেন।
তারা বিদ্যালয়ে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানায়।
পরে তারা বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সাথীর কাছে একটি স্মারকলিপি দেয়।