ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান প্রকৌশলী হিসেবে বদলি হওয়ায় সিলেট সিটি কর্পোরেশন-সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট/২ ভাদ্র) বিকেল ৫টায় নগরভবনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও সচিব মো আশিক নূরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে কর্নেল (অব) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে কর্নেল (অব) মোহাম্মদ উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও উপসহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, প্রধান এসেসর মো আব্দিুল বাছিত, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান ও লাইসেন্স কর্মকর্তা মো রুবেল আহমদসহ কর্মকর্তা ও কর্মচারীগণ।
সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, প্রকৌশলী নূর আজিজুর রহমান একজন দক্ষ এবং কর্মঠ ব্যক্তি। ২০০৩ সাল থেকে প্রায় দুই দশক তিনি সিলেটের মানুষকে সেবা দিয়েছেন। পৌরসভা থেকে সদ্য উন্নীত সিটি কর্পোরেশনকে এই পর্যায়ে নিয়ে আসতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, সিলেটের রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা, ভূগর্ভস্থ পানির পাইপলাইন ও বৈদ্যুতিক বাতিসহ সকল উন্নয়নে প্রকৌশলী নুর আজিজুর রহমানের ছোঁয়া রয়েছে। সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিলেটের মানুষ এবং সিসিকের সহকর্মী, কর্মকর্তা ও কর্মচারীদের ভালোবাসা চিরদিন মনে থাকবে।
তিনি বলেন. ‘নানা সীমাবদ্ধতার মধ্যেও সিলেটকে একটি সুন্দর, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য নিজের অবস্থান থেকে কাজ করেছি।’-সংবাদ বিজ্ঞপ্তি