বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের সাথে লুনার মতবিনিময়

প্রকাশিত August 17, 2025
বিশ্বনাথে ইমাম-মোয়াজ্জিনদের সাথে লুনার মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি একটি উদার এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ইমাম-মোয়াজ্জিনদেরকে মূল্যায়িত করা হয়েছিল; কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদেরকে কোন মূল্যায়ন করেনি। এমনকি ইসলামী পাঠ্যবইয়ে বিশেষ ব্যক্তির নাম দিয়ে ইসলামী মূল্যবোধকে অবমূল্যায়ন করেছে।
তিনি আরও বলেছেন, যে ইমাম ও মোয়াজ্জিনরা মানুষকে সঠিক পথ দেখান তারাই সবচাইতে বেশি অবহেলিত। তাদের বেতন একেবারেই কম। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন ভাতা নির্ধারণ করে একটি চাকরি নীতিমালা তৈরি করে তাদেরকে মূল্যায়িত করা হবে।
রবিবার (১৭ আগস্ট/২ ভাদ্র) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মিলাদ, সামসুল ইসলাম জুনেদ, মাওলানা আব্দুন নূর, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, ফেরদাউসুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মুফতি আবু বক্কর, মাওলানা সাইফুর রহমান, আব্দুল্লা আল জামিল, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা খালেদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মাওলানা ছাইদ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে এম ইলিয়াস আলীসহ গুম হওয়া সকলকে ফেরত পেতে বিশেষ মোনাজাত করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি