নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯ সিলেটের জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর পার্শ্ববর্তী জৈন্তাপুর থেকে উদ্ধার করেছে।
র্যাব-৯ জানায়, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন ও লুট হয়। এই ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়ে যায়।
পরবর্তী সময়ে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারি থেকে সাদাপাথর লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিএসসি, সিলেট গোপন সূত্রে জানতে পারে যে, জেলার জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় গোয়াইনঘাট উপজেলার জাফলং কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর রয়েছে।
এর সূত্র ধরে র্যাব-৯ এর টহল দল ও সাদা পোশাকধারী সদস্য এবং সিলেট জেলা প্রশাসনের একটি যৌথ আভিযানিক দল শুক্রবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় আসামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ পাথর উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত পাথর ট্রাক বোঝাই করে নিয়ে জাফলং কোয়ারি এলাকার নদীতে পুনরায় ফেলার প্রক্রিয়া চলমান রয়েছে।