সিলেটে আন্তঃউপজেলা ফুটবল শুরু শনিবার || অংশ নিচ্ছে ১৪টি দল

প্রকাশিত August 15, 2025
সিলেটে আন্তঃউপজেলা ফুটবল শুরু শনিবার || অংশ নিচ্ছে ১৪টি দল

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শনিবার (১৬ আগস্ট) শুরু হচ্ছে।
বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন। এই আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৩টায় প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
শুক্রবার (১৫ আগস্ট/৩১ শ্রাবণ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নের টিপু মজুমদার প্রেসবক্সে জেলা ক্রীড়া সংস্থা আহুত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও জকিগঞ্জ উপজেলা ফুটবল দল। সবমিলিয়ে
টুর্নামেন্টে এবার ১৪টি দল অংশগ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো নূর হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডহক কমিটির অপর সদস্য শাহাজ উদ্দিন টিপু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে ১৩টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন দল অংশগ্রহণ করছে। এবারের টুর্নামেন্টের স্লোগান ‘ইমোশনস ইন ফুটবল’-কে ‘মূল থিম’ নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুটবলকে মানুষের অন্তরে ছড়িয়ে দিতে হবে। সেজন্য প্রতিটি উপজেলা থেকে ফুটবল মেধা খোঁজে বের করতে হবে। তাদের মাঠে স্থান দিতে হবে। তৈরি করতে হবে লোকাল হিরো। ফুটবলের সার্বিক উন্নয়নের মাধ্যমে নতুন খেলোয়াড় বের করে এনে তাদেরকে ডেভেলাপমেন্ট লেবেল থেকে কম্পিটিটিভ লেবেল হয়ে এলিট লেবেলে পৌঁছাতে সহযোগিতা করা হবে। দর্শকদের খেলা দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। সিলেট জেলা স্টেডিয়ামের গেইট দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে সিলেটের জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি ডেপুটি কালেক্টর-এনডিসি কিশোর কুমার পাল সহ ডিএসএ কর্মকর্তারা।