দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট/৩০ শ্রাবণ) বিকেল ৩টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিতা শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দিরাই উপজেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা মনি রানী তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
অভিযুক্ত কিশোরের বাড়ি উপজেলার ধনপুর গ্রামে।
এবিষয়ে মেয়েটির চাচি জানান, ছেলেটির ৫ বছরের ভাগ্নির সাথে মেয়েটি প্রতিদিনের মতো খেলা করতে যায়। এসময় ফাঁকা ঘর পেয়ে ছেলেটি তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি ঘরে ফিরে সব খুলে বললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে শিশুটিকে সিলেটে নেওয়া হচ্ছে।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে জানতে পারেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষণের বিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি।