শায়েস্তাগঞ্জে ডাকাতের হাতে বিএনপি নেতার মৃত্যু || গ্রেফতার ১

প্রকাশিত August 14, 2025
শায়েস্তাগঞ্জে ডাকাতের হাতে বিএনপি নেতার মৃত্যু || গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ সূত্রে র‌্যাব-৯ জানায়, গত ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে রাফি ‘স’ মিলের সামনে রাস্তায় গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে ইলিয়াছ মিয়া নামে এক ব্যক্তি ও তার চাচাতো ভাই বিএনপি নেতা ব্যবসায়ী মহসিন মিয়া মোটরসাইকেল যোগে ঘন কুয়াশার মধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। তারা ঘটনাস্থলে পৌঁছামাত্রই রাস্তার পাশে ওৎপেতে থাকা অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত রামদা ও লোহার পাইপ দিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে ইলিয়াছ মিয়ার পকেটে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে দু’ভাই দৌড় দেন; কিন্তু ইলিয়াছ মিয়া কিছুদূর যাওয়ার পর মাটিতে পড়ে যান।
ইতোমধ্যে সেনা সদস্য ও এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে যান। ইলিয়াছ মিয়া তখন উঠে তাদের নিকট গিয়ে বিস্তারিত জানান।।
এর পরিপ্রক্ষিতে সবাই মিলে অনেক চেষ্টার পর রাত পৌণে ৪টার দিকে কিছুদূরে মহাসড়কের দক্ষিণ পাশে জমিতে মহসিন মিয়াকে অজ্ঞান অবস্থায় খুঁজে পান; কিন্তু তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৩টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে মহসিন মিয়া হত্যাকাণ্ডে জড়িত ডাকাত আব্দুল আলীকে (৪৫, পিতা মর্তুজ আলী, ফরিদপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।