নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যামামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ সূত্রে র্যাব-৯ জানায়, গত বছর ৬ আগস্ট আনুমানিক সকাল পৌণে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভিতর থাকা বন্দিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারারক্ষীদের জিম্মি করে ফেলে।
এরপর কারাবন্দিরা বিভিন্ন ভবন থেকে বেরিয়ে একত্রিত হয়ে ভাংচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মই বানিয়ে দুপুর দেড়টা থেকে দুপুর ২টার মধ্যে সীমানা দেয়ালের উপর দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌণে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যামামলার আসামি রিপনকে (২৯, পিতা আকবর আলী, রামেশ্বরপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করতে হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।