ব্রাহ্মণবাড়িয়ায় পিতাকে হত্যার চেষ্টা মামলায় পুত্র গ্রেফতার

প্রকাশিত August 12, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় পিতাকে হত্যার চেষ্টা মামলায় পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক সম্পত্তির দখলে পিতাকে হত্যার চেষ্টা মামলায় পুত্রকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, জেলার নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার মো ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। তার প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। তিনি দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে বাস করেন।
অন্যদিকে প্রথম পক্ষের ছেলেদেরকে পাওনা বুঝিয়ে দেওয়ার পরও ক্ষেতের জমি দলিল করে দেওয়ার জন্যে তারা পিতাকে চাপ দেয়; কিন্তু তাতে তিনি রাজি না হওয়ায় এ নিয়ে তার সঙ্গে ছেলেদের বিরোধ দেখা দেয়।
এক পর্যায়ে গত ২৬ জুলাই আনুমানিক সকাল ১০টায় ধনু মিয়া তারাউল্লা বাজারে যাওয়ার পথে প্রথম পক্ষের ছেলেরা দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে তার দ্বিতীয় পক্ষের দুই ছেলেসহ আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহত পিতা নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের হরিণখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে (৩০, পিতা মো ধনু মিয়া, তারাউল্লা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।