সিলেটে ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামি কালা মনির গ্রেফতার

প্রকাশিত August 12, 2025
সিলেটে ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামি কালা মনির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যার প্রধান আসামি কালা মনিরকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, নিহত ডালিম মিয়া ও ছিনতাইকারী চক্রের সদস্য কালা মনিরসহ অন্যান্য আসামি পূর্ব পরিচিত। আসামিরা ডালিম মিয়াকে প্রায় সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করতো। এর ধারাবাহিকতায় গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর ক্বীন ব্রিজ এলাকায় তাকে অপরাধমূলক কাজ করার কথা বললে সে রাজি না হয়ে অপরাধের কথা পুলিশকে জানিয়ে দেওয়ার ভয় দেখায়। এ কারণে তারা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে ফেলে যায়।
ডালিম মিয়ার চিৎকারে আশেপাশের লোকজনের সহায়তায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মধ্যরাতে সে মারা যায়।
এ ঘটনায় তার মা বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডালিম হত্যা মামলার মূলহোতা ও প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে (৩০, পিতা শেখ খলিল মিয়া, কোতয়ালপুর, গোলাপগঞ্জ, সিলেট)। গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।