ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ ৫ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত August 11, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ ৫ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা ও ডাকাতির ৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি মধ্যরাতে জেলার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামে রোশন আলীর ঘরে ১০/১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙ্গে প্রবেশ করে। তারা তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রোশন আলীসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে রোশন আলী ও তার স্ত্রী আছমা বেগম আহত হন। পরে গুরতর অবস্থায় রোশন আলীকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। পরবর্তী সময়ে রোশন আলীকে ঢাকায় পদ্মা জেনারেল হাসপাতাল লিমিটেডে নেওয়া হলে ১ মার্চ রাত ২টায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার (১১ আগস্ট/২৭ শ্রাবণ) আনুমানিক সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের ব্রাহ্মণডুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোশন আলী হত্যামামলার পলাতক আসামি আমিন মিয়াকে (৩৫, পিতা নূর রহমান ওরফে মরা মিয়া, আশুরাইল, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।