জকিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ও আবাসিক ভবনের সামনে অস্ত্রের মহড়া

প্রকাশিত August 9, 2025
জকিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ও আবাসিক ভবনের সামনে অস্ত্রের মহড়া

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে এবং প্রতিভা নিবাস নামের আবাসিক ভবনের সামনে একদল যুবকের অস্ত্র উচিত মহড়ার ছবি নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় চলছে।
ফেইসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দা হাতে সামনে এক যুবক ও তার পিছনে আরও ১২ যুবককে দেখা যাচ্ছে।
ছবিটি দেখামাত্র যেমন নানা প্রশ্ন জেগে উঠেছে তেমনি শিক্ষার্থী, অভিভাবক ও নিবাসীদের মধ্যে গভীর উদ্বেগ উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।
অভিভাবকরা সুরক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিভাবে সম্ভব-এ প্রশ্ন তুলেছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভৌমিক জানান, প্রতিষ্ঠান ছুটির পর কিংবা বন্ধের দিনে হয়তো এ ভিডিও ধারণ করা হয়েছে। এমন ভীতিকর ভিডিও ধারণ করা গুরুতর অপরাধ। যারা এ কাজটি করেছে তাদেরকে অবশ্যই সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হাফছা মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ জানান, শৃঙ্খলা ও মর্যাদা নষ্টের যে কোন প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এই প্রতিষ্ঠান কেবল শিক্ষা গ্রহণের স্থান নয়, এটি শিক্ষার মর্যাদা, নিরাপত্তা এবং শৃঙ্খলারও প্রতীক। কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে ভীতিকর ও নিন্দনীয় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, যা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তারা যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামীকাল রবিবার (১০ আগস্ট) এ ব্যাপারে করণীয় বিষয়ে জরুরি বৈঠকে বসবেন বলেও তিনি জানিয়েছেন।