দিরাই প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিরাই রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন করেছে।
শনিবার (৯ আগস্ট/২৫ শ্রাবণ) দুপুরে দিরাই থানা পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সোহাগের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, দৈনিক অধিকরণ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, সাংবাদিক নেতা শাহজাহান সিরাজ, রুকুনুজ্জামান জহুরী, আমার দেশ প্রতিনিধি সুমন রহমান, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি রায়হান, দেশবার্তা প্রতিনিধি এহিয়া আহমেদ লিটন, জনকণ্ঠ প্রতিনিধি মো আয়মান মিয়া, আলোর বাংলাদেশ প্রতিনিধি গোলাম জিলানী, দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি সোহাগ মিয়া, আধুনিক কাগজ প্রতিনিধি দুর্জয় রায় প্রমুখ।
বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।