শাল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান বিচারপতি রুমির

প্রকাশিত August 8, 2025
শাল্লায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান বিচারপতি রুমির

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে তার অর্থাৎ ‘ধানের শীষ’ মার্কার বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।
শুক্রবার (৮ আগস্ট/২৪ শ্রাবণ) শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে ও শাল্লা ইউনিয়নের শাল্লা বাজারে বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও এলাকায় লোকজনের সাথে গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।
সাবেক এই বিচারপতি দিরাই-শাল্লাকে যোগাযোগের দিক দিয়ে অবহেলিত জনপদ উল্লেখ করে এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ নানাবিধ সমস্যা দূরীকরণে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
গণসংযোগ কালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, শাল্লা উপজেলা যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন আহ্বায়ক জুনায়েদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য লূৎফর রহমান তালুকদার, বিএনপির শাল্লা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবু চৌধুরী, দিরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুজাত চৌধুরী, দিরাই পৌর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নাঈম চৌধুরী, শাল্লা উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক একরামুল হোসেন, শাল্লা কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ আহমদ, বিএনপির বাহাড়া ইউনিয়ন যুগ্মআহ্বায়ক বিজয় কান্তি সরকার, হবিবপুর ইউনিয়ন যুগ্মআহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস প্রমুখ।