সুনামগঞ্জে ৩ জনের প্রাণহানি || বাসচালক ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রকাশিত August 8, 2025
সুনামগঞ্জে ৩ জনের প্রাণহানি || বাসচালক ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী সহ ৩ জনের প্রাণহানির জন্যে দায়ী বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গত ৬ আগস্ট দুপুর ১টার দিকে ঢাকা- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সুনামগঞ্জগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোযাত্রী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা আক্তার খুশী (১৯) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার শফিক মিয়া (৭৩) ঘটনাস্থলেই মারা যান। এ আহত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীকে (১৯) গুরুতর অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
একই দুর্ঘটনায় আহত অটোচালক সহ অজ্ঞাতনামা দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক দ্রুত পালিয়ে যায়।
এর পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি ও সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানির একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার (৭ আগস্ট) আনুমানিক রাত পৌণে ৯টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা (নম্বর : ১০, তারিখ : ০৭/৮/২০২৫ইং, ধারা : ৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮) মূলে বাসচালক জাকির আলমকে (৩৫, পিতা আব্দুল কুদ্দুস আলী, মাহতাবপুর, বিশ্বনাথ, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে জয়কলস হাইওয়ে থানায় হস্তান্তরের লক্ষ্যে আইনি কার্যক্রম চলছে।