বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট/২৩ শ্রাবণ) সকাল সাড়ে ১১টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা নূরুল হাসান আতাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিলুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস ও সভাপতি মাহবুবা আক্তার জেবা।
এ সময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেসহীন গাড়ি চলছে। চালকদের বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপাররা গাড়ি চালাচ্ছে; কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তারা বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দুর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। চালক ও সহকারীর অদক্ষতা আর অবহেলার কারণে বুধবার (৬ আগস্ট) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রী সহ তিনজনের মৃত্যু হয়।
বক্তারা অবিলম্বে এই খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।