বিএনপি ক্ষমতায় গেলে কুশিয়ারাপারে ব্যাপক উন্নয়ন হবে : ফয়সল চৌধুরী

প্রকাশিত August 7, 2025
বিএনপি ক্ষমতায় গেলে কুশিয়ারাপারে ব্যাপক উন্নয়ন হবে : ফয়সল চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট—৬ (গোলাপগঞ্জ—বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল। একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা রাজনীতি করেন।
তিনি আরও বলেছেন, সিলেট—৬ আসনের গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের কুশিয়ারা তীরবর্তী বিশাল জনগোষ্ঠীর একটি স্বপ্নের নাম বসন্তপুর—কটলিপাড়া সড়ক। এই সড়কটি নিয়ে গোটা এলাকার মানুষের সাথে বছরের পর বছর প্রতারণা করা হয়েছে। প্রায় ৫০ বছরেও এই রাস্তাটি সম্পন্ন করা হয়নি। বিশেষ করে আওয়ামী লীগের এমপি আত্মগোপনে থাকা নুরুল ইসলাম নাহিদ এই সড়কটির লোভ দেখিয়ে সহজ সরল মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন। নইলে দুইবারের শিক্ষামন্ত্রী আর বৈধ অবৈধ মিলে ৫ বছরের সংসদ সদস্য হয়েও এই সামান্য কয়েক কিলোমিটার সড়ক সম্পন্ন করেননি। নিজের আখের গোছাতে তারা এতই ব্যস্ত ছিলেন। তবে মানুষ ক্ষুব্ধ হলে সামান্য কয়েক ফুট বা হাফ কিলোমিটার, কখনোবা এক কিলোমিটার কাজ করাতেন। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে এবং তিনি সবার ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হলে এই রাস্তা আরও প্রশ্বস্ত করে অবশ্যই সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট/২৩ শ্রাবণ) গোলাপগঞ্জ—বিয়ানীবাজারের আছিরগঞ্জ বাজারে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েকের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ বক্তা ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ মান্নান ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী।–সংবাদ বিজ্ঞপ্তি