শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য বিচারপতি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমি শাল্লা উপজেলায় গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট/২৩ শ্রাবণ) উপজেলার হবিবপুর ইউনিয়নের দাড়াইন বাজার, আনন্দপুর বাজার ও শাসখাই বাজারে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ গণসংযোগকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
তিনি দিরাই-শাল্লার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সহ নানাবিধ সমস্যা দূরীকরণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনায়েদ আহমেদ, বাহাড়া ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক বিজয় কান্তি সরকার ও হবিবপুর ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক শৈলেন্দ্র কুমার দাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।