সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইকো সলিউশন’ কাজ করবে।
পরিচ্ছন্ন মহানগরী গড়তে সংস্থাটির উদ্যোগে জনসচেতনতা তৈরি, বর্জ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি সংযোজন ও বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন-এই তিন মূল বিষয়কে সামনে রেখে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার (৬ আগস্ট/২২ শ্রাবণ) সিলেট সিটি কর্পোরেশন ও ইকো সলিউশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্ভাব্যতা যাচাইয়ে সিটি কর্পোরেশন তথ্যপ্রদান সহ প্রয়োজনীয় সহযোগিতা করবে; কিন্তু কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
সিসিক প্রশাসক খান মো রেজা-উন-নবীর উপস্থিতিতে সিসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও ইকো সলিউশনের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আব্দুল মোমিন সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী ইকো সলিউশন সিলেট মহানগরীতে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, যুক্তরাজ্য প্রবাসী মো সাঈদ আল মোমিন মিশু, সিনিয়র সাংবাদিক মো মঈন উদ্দিন মন্জু, মিসবাহ উদ্দিন আহমদ, হাসান মোহাম্মদ শামীম, মো হাবিবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।–সংবাদ বিজ্ঞপ্তি