ভুল স্টেশনে নেমে পড়া কিশোরীকে ধর্ষণ || প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত August 6, 2025
ভুল স্টেশনে নেমে পড়া কিশোরীকে ধর্ষণ || প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ভুল স্টেশনে নেমে পড়া এক কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ডগি মাসুমকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানিয়েছে, গত ৮ জুলাই রাত পৌণে ১০টার দিকে এক কিশোরী বাড়ি আসতে চট্টগ্রাম থেকে সিলেটমুখী আন্তঃনগর উদয়ন ট্রেনে ওঠে; কিন্তু ভুলক্রমে পরদিন ভোর অনুমান ৪টায় শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নেমে যায়। পরবর্তী সময়ে তাকে ফুসলিয়ে শাস্তোগঞ্জ উপজেলার পূর্ববড়চরের একটি বাড়ির পরিত্যক্ত বারান্দায় নিয়ে গিয়ে ‘ডগি মাসুম’ নামে চিহ্নিত দুর্বৃত্ত তাকে ধর্ষণ করে।
পরে আবার দলবদ্ধ দুর্বৃত্তরা কিশোরীকে নিজগাঁও গ্রামের একটি বাগানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ফেলে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা করিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। কিশোরীর সঙ্গে অভিভাবক না থাকায় পুলিশ বাদি হয়ে এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ১১টায় নিজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট রেলওয়ে জেলার শ্রীমঙ্গল রেলওয়ে থানার মামলা {(নং ০১, তারিখ ১১/০৭/২০২৫ খ্রি, ধারা ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০} মূলে প্রধান আসামি মাসুমুর রহমান ওরফে ডগি মাসুম মিয়াকে (২৫, পিতা ফেরদৌস মিয়া, নিজগাঁও, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।