ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন নিয়ে মতবিনিময়

প্রকাশিত August 3, 2025
ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন নিয়ে মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রবিবার (৩ আগস্ট/১৯ শ্রাবণ) ‘ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর ড নিয়াজ আসাদুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বুয়েটের অধ্যাপক ড রিফাত শাহরিয়া, ব্যারিস্টার সৈয়দ জামি ও আইসিটি বিভাগের উপসচিব মো আবু নাছের।
আইসিটি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে স্থাপিত ‘ইনোভেশন হাব’ নির্মাণ করা হয়। তাতে কারিগরি ও ইনোভেটিভ আইডিয়াসমূহ গাইড দিচ্ছে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়।
এর আগে আইসিটি টাস্কফোর্স শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ইনোভেশন হাব’ পরিদর্শন করে।
এ সময় ল্যাব ব্যবহার করে শিক্ষার্থীগণ সফটওয়্যার ও ল্যাব উন্নয়ন সহ কম্পিউটার বিজ্ঞানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে তা আলোচনা করেন।
বক্তাগণ ‘ইনোভেশন হাব’কে কার্যকর করতে ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ ব্যাপক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের প্রায়োগিক দিকের ওপর আলোকপাত করেন।
তারা উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষক নির্বাচন সহ সম্ভাবনাময় শিল্পখাতে প্রকল্প নির্বাচনের ওপর গুরুত্ব দেন।
টাস্কফোর্স প্রধান প্রফেসর ড নিয়াজ আসাদুল্লাহ সভায় বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং শিক্ষার্থীদের মানসম্মত প্রশিক্ষণের বিষয়ে মতামত গ্রহণ করেন।
তিনি প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন ফিডব্যাক নিয়ে ফেসবুক লিংকের মাধ্যমে সকল শিক্ষার্থীর শ্বেতপত্র প্রদান করেন। শিক্ষার্থীরা এ শ্বেতপত্রের মাধ্যমে ফেসবুকে তাদের অভিমত ও সকল তথ্য জানাতে পারবেন।–পিআইডি সিলেট