নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন জকিগঞ্জের হাসান আহমদ

প্রকাশিত August 3, 2025
নির্বাচনের সাড়ে ৩ বছর পর শপথ নিলেন জকিগঞ্জের হাসান আহমদ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নির্বাচনের সাড়ে ৩ বছর পর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা হাসান আহমদ শপথ গ্রহণ করেছেন।
রবিবার (৩ আগস্ট/১৯ শ্রাবণ) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
২০২২ সালের ৫ জানুয়ারি জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে রিটার্নিং কর্মকর্তা ৩ হাজার ১৩৭ ভোটে আওয়ামী লীগের প্রার্থী আফতাব আহমদকে বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হাসান আহমদের প্রাপ্ত ভোট দেখানো হয় ২ হাজার ৯৭৮ টি।
পরবর্তী সমেয় নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সিলেটের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন হাসান আহমদ। দীর্ঘদিন পর ভোট গণনা শেষে ৭৮ ভোট বেশি প্রাপ্ত হাসান আহমদকে বিজয়ী ঘোষণা করেন সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্মসম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।