মহানগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা সিসিক সিইওর

প্রকাশিত August 3, 2025
মহানগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা সিসিক সিইওর

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, ‘ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। তাই সমাজসেবা অধিদফতর সিলেট মহানগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় মহানগরীর বাইরে বিভিন্ন অলিগলিতে চালনোর শর্তে ২টি ব্যাটারি চালিত রিকশা, ৬টি চায়ের দোকানের সরঞ্জামসহ ভ্যানগাড়ি ও ৭টি সেলাই মেশিন বিতরণ করেছে। মহানগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করতে এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
রবিবার (৩ আগস্ট/১৯ শ্রাবণ) দুপুরে শেখঘাটে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় নির্বাচিত ভিক্ষুকদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিকের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু নাসের, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো রমজান আলী, সিলেট বধির সংঘের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহেদ আরবী, শহর সমাজসেবা কার্যালয়ের আবু সুফিয়ান, শামীম বিল্লাহ, দীন ইসলাম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি