শাল্লাবাসীর প্রিয় নেতা অ্যাডভোকেট অবনী মোহন দাস আর নেই

প্রকাশিত August 2, 2025
শাল্লাবাসীর প্রিয় নেতা অ্যাডভোকেট অবনী মোহন দাস আর নেই

শাল্লা প্রতিনিধি : ভাটিবাংলার রাজনীতিতে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, বিশেষ করে শাল্লা উপজেলাবাসীর প্রিয় নেতা অ্যাডভোকেট অবনী মোহন দাস আর নেই।
শনিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুসংবাদ শাল্লায় পৌঁছামাত্র উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
অবনী মোহন দাস ১৯৭৪ সালে ব্রজেন্দ্রগঞ্জ রামচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর দর্শনশাস্ত্রে বিএ (অনার্স) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তী সময়ে এলএলবি পাশ করে ১৯৮৪ সালে সুনামগঞ্জ জেলা বারে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ১৯৮৫ সাল থেকে শাল্লা আদালতে নিয়মিত ওকালতি শুরু করেন। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করতে থাকেন। তিনি দু’বার শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৬ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয়।
তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আগামীকাল রবিবার (৩ আগস্ট) বিকেলে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শাল্লাবাসী তাদের প্রিয় নেতার মরদেহে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তার নিজের গ্রাম মামুদনগরে শেষকৃত্য সম্পন্ন করা হবে।