জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট/১৮ শ্রাবণ) দুপুরে উপজেলার আটগ্রামের মাদারনগর এলাকায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
মরদেহের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা ও একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। পরিবারের সদস্যরা মরদেহটি সনাক্ত করেন।
পরিবার সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। সেদিন বাদ জুমা তার বাড়িতে এক অপরিচিত ব্যক্তি এসে তাকে নিয়ে বাইরে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। তার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।