জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে আবারো শিরোপা জয়ী গৌরীপুরের আদিব

প্রকাশিত June 3, 2025
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে আবারো শিরোপা জয়ী গৌরীপুরের আদিব

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এ জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিন ইসলাম আদিব শিরোপা জয় করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতায় ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে দেশের ৬৪টি জেলার ৬৫ হাজার ৬২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়ে সে দেশসেরা হয়।
তাহমিন ইসলাম আদিব গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. তানভীর আল ইসলাম দম্পতির সন্তান। পারিবারিকভাবে সাংস্কৃতিক ও শিক্ষামনস্ক পরিবেশে বেড়ে ওঠা আদিব বিভিন্ন সময় চিত্রাঙ্কন, সংগীত ও কবিতা আবৃত্তি সহ নানাবিধ সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে।
প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় রবিবার (১ জুন) ঢাকায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন, একই মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান।
তাহমিন ইসলাম আদিবের এই সাফল্যে ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি