মহান মে দিবসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে এই অভিযান উদ্বোধন করেন, সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, লেডিস ক্লাবের সভাপতি মাহবুবা রহমান, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন ও সিকৃবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল আব্দুল্লাহ্ আল মামুন সহ বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অর্ধশতাধিক রোভার স্কাউট সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সিকৃবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। তারা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য, শুকনো পাতা, ছেঁড়া কাগজ ইত্যাদি আবর্জনা পরিষ্কার করেন। বিকাল পর্যন্ত অভিযান চলে। এসময় প্রশাসন ভবন, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, টিএসসি, লেকসাইড চত্বর ও শহীদ মিনার সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিষ্কার করা হয়।
অভিযান শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, ব্যক্তিজীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। এ ব্যপারে সকল ধর্মেই নির্দেশ রয়েছে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের প্রতি আগ্রহের সৃষ্টি হবে এবং পরিবেশের দিক দিয়েও তাদের মনের উপর ইতিবাচক প্রভাব পড়বে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে শিক্ষা দেয়া জরুরি। প্রত্যেকের নিজস্ব দায়িত্ববোধ থেকে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নত রাখতে হবে। ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।–সংবাদ বিজ্ঞপ্তি