বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে পিতা ও দুই শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই কন্যা সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর পিতা আত্মহত্যা করেছেন।
আরো জানা গেছে, উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল হাইর ছেলে আব্দুর রউফ (৩২) তার স্ত্রী হাফিজা বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে দুদিন আগে স্ত্রী তাদের তিন সন্তানের মধ্যে দুজনকে রেখে এক বছর বয়েসী অপর সন্তানকে নিয়ে বাপের বাড়ি থেকে চলে যান।
অন্যদিকে পিতা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টায় নিজের কক্ষের দরজা বন্ধ করে তাদের শিশু কন্যা আয়েশা আক্তার (৩) ও খদিজা আক্তারকে (৫) বিষ পান করান। এরপর নিজেও বিষ পান করেন।
এ সময় যন্ত্রণায় শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু সন্তানকে মৃত ঘোষণা করে। আর পিতা আব্দুর রউফকে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টার দিকে মারা যায়।