হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ‘শান্তিতে বিজয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে জেলার সমস্যাবলী নিয়ে আলোচনা ও সমাধানের উপায় তুলে ধরা হয়। এছাড়া রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করণের বিষয়েও অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।
‘শান্তিতে বিজয়’ প্রকল্পের সমন্বয়ক ওয়াদুদ ফয়ছল চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট অঞ্চলের কর্মসূচি সমন্বয়ক ফরহাদ আহমেদ। অন্যদের মাঝে বক্তৃতা করেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
নাগরিক সংলাপে পৌর এলাকায় বর্জ্য অব্যবস্থাপনা, খাল ও জলাশয় দখল ও ভরাট, সরু রাস্তা, অপরিকল্পিত বাড়িঘর, বিদ্যুৎ, ইভটিজিং, শিক্ষক সংকট ইত্যাদি বিষয় উঠে আসে।