সিলেটে প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী মাতৃভাষা চর্চা শীর্ষক বাংলা শুদ্ধ উচ্চারণ কার্যক্রম শুরু হয়েছে।
থিয়েটার একদল ফিনিক্স, সিলেট সিটি করপোরেশন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগিতায় এর আয়োজন করেছে।
সোমবার সকালে মহানগরীর জিন্দাবাজারে মেট্রোপলিটন ইউনিভার্সিটি মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল আজিজ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ইমন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মেট্রোপলিটন ইউনিভার্সিটর শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধনী ক্লাস নেন অধ্যাপক শামিমা চৌধুরী।