সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর এলাকার অবহেলিত ও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে লেখাপড়ায় আগ্রহী করতে সুনামগঞ্জ সরকারি কলেজে কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল সাস্টের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক টকশো ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আলোকচিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থীরা সাদা কাপড়ে স্বাক্ষর দিয়ে বিজ্ঞান শিক্ষার প্রতি প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার দুপুরে ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম। তিনি বলেন. এ উদ্যোগ শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা সুনামগঞ্জের হাওর এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।
আলোকচিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থী মিলনায়তনে বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সদস্য আহমেদ ইশতিয়াক বিধান ও এস এম রাফি আদনান।
এছাড়া টকশোতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিষয়ে দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস সহ অন্যান্য বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।