সুনামগঞ্জে চলছে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন

প্রকাশিত October 29, 2018
সুনামগঞ্জে চলছে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘটের দ্বিতীয় দিন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের মতো সুনামগঞ্জে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট চলছে।
এই ধর্মঘটের কারণে সোমবারও সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরে ছোট ছোট যানগুলোকেও চলাচল করতে দিচ্ছে না শ্রমিকরা। এমনকি ব্যক্তিগত গাড়ি নিয়েও কাউকে রাস্তায় বের হতে দেয়া হচ্ছেনা।
সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সেজাউল কবির, জেলা বাস-মিনিবাস চালক সমিতির সভাপতি সেতু মিয়া ও সদস্য ইসলাম মিয়া।