সিলেটে সাবেক তারকা খেলোয়াড় ডনডন লুসাইর স্মরণসভা

প্রকাশিত September 9, 2018
সিলেটে সাবেক তারকা খেলোয়াড় ডনডন লুসাইর স্মরণসভা

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় ডনডন লুসাইর স্মরণসভায় জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ রনজিত দাস বলেছেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছে লুসাই পরিবার। ছয় ভাই-বোনই স্মরণীয় অবদার রেখেছেন খেলাধুলার উন্নয়নে। তিন ভাই ডনডন লুসাই, জুম্মন লুসাই ও জৌবেল লুসাই জাতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন।
রবিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে স্পোর্টস জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ আয়োজিত এ স্মরণসভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের আহবায়ক বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাদিকুর রহমান সাকীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা ক্রিকেট কমিটির আহবায়ক সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি বিমলেন্দু দে নান্টু, প্রবীণ ক্রীড়াবিদ প্রবীর রঞ্জন ভানু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, ফুটবল কোচ মাসুক মিয়া এবং ডনডন লুসাইয়ের ছোট বোন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী ও ভাই চেম্পন লুসাই।