আউশকান্দিতে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত August 11, 2018
আউশকান্দিতে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজারে সুবহান ম্যানশনের দোতলা বাসার নিচতলার একটি কক্ষ থেকে জেআইসি স্যুট গার্মেন্টস কর্মী রুমি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
এ সময় এলাকাবাসীর চাপে নবীগঞ্জ থানা পুলিশ রুমি আক্তারের স্বামী নূর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
শনিবার সকাল ১০টায় পুলিশ এই দম্পতির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙ্গে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। রুমি আক্তার উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের দিনমজুর আশ্বদ মিয়ার কন্যা। তার স্বামী নূর আলমও আউশকান্দি জেআইসি স্যুট গার্মেন্টসে চাকরি করে। সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের হেলাল উদ্দিন মিয়ার ছেলে। রুমি আক্তার তার দ্বিতীয় স্ত্রী। শনিবার ভোরে রুমি আক্তারের সাথে নূর-আলমের প্রথম স্ত্রী রিনা বেগমের ঝগড়া হয়।
নবীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।