সিলেট জেলা শিল্পকলা একাডেমি বর্ষাবরণ অনুষ্ঠান

প্রকাশিত June 25, 2018
সিলেট জেলা শিল্পকলা একাডেমি বর্ষাবরণ অনুষ্ঠান

সাংস্কৃতিক প্রতিবেদক : ষড়ঋতুর বাংলাদেশে বর্ষা আসে শান্তির পরশ নিয়ে। গ্রীষ্মের দাবদাহের পর আষাঢ়-শ্রাবণের বৃষ্টিধারায় বাঙালি দেহমন জুড়িয়ে নেয়। তাই অপেক্ষায় থাকে ঋতুচক্রের আবর্তনে বর্ষাকে কাছে পাওয়ার-বরণ করার।
সিলেট জেলা শিল্পকলা একাডেমিও বর্ষাকে বরণ করেছে। এ উপলক্ষে সোমবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরীর শাহী ঈদগা এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সভাপতি অনিল কিষণ সিংহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু। সভাপতিত্ব করেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত।