প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়ে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রবিবার বিকেলে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেম্বার কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাৎকার অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কর্মক্ষম ও আগ্রহী ২৩ জন প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।
এসময় সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, অনেক প্রতিভাবান প্রতিবন্ধী রয়েছেন যারা মনোবল ও আত্মবিশ্বাসকে পুঁজি করে লেখাপড়া ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন; কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গি ও সুযোগ-সুবিধার অভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে বাধাগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে এসব প্রতিবন্ধীকেও দেশের উন্নয়নের মূল ধারায় সংযুক্ত করা সম্ভব হবে।
সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ হোসেন, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন, গোল্ডেন হার্ভেস্টের নির্বাহী পরিচালক মঈনুল ইসলাম চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক তসলিম উদ্দিন চৌধুরী ও গ্রিন ডিজেবল্ড ফাউন্ডেশনের ম্যানেজার স্বপন মাহমুদ।